প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করেছেন: সোহেল তাজ

মঞ্চে সিমিন হোসেন রিমি ও সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ‘প্রধানমন্ত্রী অনেক ভালো কাজের উদ্যোগ নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়ন করছেন। আজকের এ কাজটিও প্রধানমন্ত্রীর একটি দর্শন।’ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে সৈয়দা জোহরা তাজউদ্দিন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবার জন্য ‘সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্থ্য কার্ড’ নামে সফটওয়্যার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সেবা কার্ডের উদ্বোধন করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য ও তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমি।

প্রসঙ্গত, প্রায় তিন বছর পর নিজ জেলা গাজীপুরে আসলেন তাজউদ্দিন পুত্র।   

অনুষ্ঠানে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি জানান, গত দেড় বছর ধরে চেষ্টা চালিয়ে দরিদ্র, অসহায় গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম জানান, এমপি সিমিন হোসেন রিমির পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী এ কার্ডের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহসহ ২৭টি সেবা সফটওয়্যারের সাহায্যে মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে সেবাগ্রহীতাদের নিয়মিত তথ্য পৌঁছে দেওয়া হবে।

তিনি জানান, কাপাসিয়া উপজেলার রায়েদ, টোক, সিংহশ্রী ও তরগাঁও ইউনিয়নের ১২০ জন গর্ভবতীকে এ সেবার আওতায় আনা হয়েছে। তারা শ্রমিক ও দিনমজুর পরিবারের গর্ভবতী নারী।

পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার বলেন, এ উদ্যোগটি একটি মডেল। কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগ এ সেবা নিশ্চিত করবে। পরিবার পরিকল্পনা বিভাগ এ উদ্যোগটিকে স্বাগত জানিয়ে দেশের বিভিন্ন এলাকায় এটি ছড়িয়ে দেবে।

গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক লাজু সামসাদ হকের সভাপতিত্বে ও কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লষ্কর মিঠুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. শরীফ, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মঞ্জুরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদুল ইসলাম প্রমুখ।