আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমি শুনেছি একজন সাবেক সিভিল সার্জনের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন শরীফ উদ্দিনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাৎক্ষণিক ঘটনায় একজন অভিজ্ঞ চিকিৎসক ও অবসরপ্রাপ্ত একজন সিভিল সার্জনকে কারাদণ্ড দেওয়াটা সঠিক হয়নি, সমীচীন হয়নি। এজন্য চিকিৎসকদের মধ্যে রিয়েকশন হয়েছে। আমি আইনমন্ত্রীকে বলেছিলাম তাকে যেন তাকে দ্রুত ছেড়ে দেওয়া হয়।’
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ১০ দিনব্যাপী বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ক্যাম্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর সাংবাদিক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া হাইকমিশনের পরামর্শদাতা ইধাম জুহরি মো. ইউনুস, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মঞ্জুরুল, শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালের জায়তুন বিনতি সুলাইমান প্রমুখ।
মন্ত্রী আরও বলেন, ‘প্রশাসনিক লোকজনও আমাদের কর্মকর্তা, চিকিৎসকরাও আমাদের কর্মকর্তা। তারা সবাই জনগণের সেবা দিচ্ছেন। সামান্য কোনও ঘটনাকে কেন্দ্র করে যদি সঙ্গে সঙ্গে এভাবে ব্যবস্থা নেওয়া হয় তবে রিয়েকশন আসবে। আমার মনে হয় এ ধরণের ঘটনা পুনরাবৃত্তি হবে না।’
হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসের সিনিয়র এক্সিকিউটিভ আবুল হাসান বলেন, ‘শেখ ফজিলাতুন্নেসা কেপিজে স্পেশালাইজড হাসপাতালে দ্বগ্ধ রোগীদের ১০ দিনব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প মঙ্গলবার শেষ হল। গত ২৪ নভেম্বর শুরু হয়ে আজ পর্যন্ত ক্যাম্পে ৮০জনকে চিকিৎসা এবং ২৫ জন দ্বগ্ধ বিকলাঙ্গ রোগীকে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি দেওয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিট ও শেখ ফজিলাতুন্নেসা কেপিজে স্পেশালাইজড হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পে হল্যান্ড, জার্মানি ও হাঙ্গেরির আট জন প্লাস্টিক সার্জন চিকিৎসা সেবা দেন।’