চার ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে মার্কিন পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ার কারণে মঙ্গলবার রাত ১১টা থেকে তিনটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘দুর্ঘটনা এড়াতে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এসময় মাঝ পদ্মায় রোরো ফেরিসহ চারটি ফেরি নোঙর করে রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে রওনা হয়। ফেরি চলাচলে বিঘ্ন ঘটার কারণে ঘাটে ছোটবড় মিলিয়ে প্রায় তিনশ’ যানবাহন পার হওয়ার অপেক্ষায় আছে।’
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডাব্লিউটিসির এক কর্মকর্তা জানান, ফেরিগুলোতে গত শীতের আগে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ফগলাইট লাগানো হয়েছে। কিন্তু, এগুলো কোনও কাজেই আসছে না। অন্যদিকে, একটি রোরো ফেরিতে রাডার লাগানো হয়েছে। রাডারও কোনও কাজে আসছে না কারণ, এখানে চ্যানেল বেশ সরু। রাডার ব্যবহার করে এ সরু চ্যানেল দিয়ে ফেরি চলাচল করা নিরাপদ নয়। এসব কারণে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: কাশিয়ানীর শীর্ষ সন্ত্রাসী পিস্তল সনেট অস্ত্রসহ গ্রেফতার