টাঙ্গাইলে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

টাঙ্গাইলটাঙ্গাইলে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাদের মৃত্যু হয়। টাঙ্গাইল জেলা তাবলীগের আমির মাওলানা আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইজতেমায় মৃত্যু হওয়া দুজন হলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামের জুলহাস মিয়া (৫৫) ও ভুঞাপুর উপজেলার বীরহাটী গ্রামের শাহজাহান চকদার (৬০)।

মাওলানা আব্দুল হাই বলেন, উভয়েরই স্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার বাদ জুম্মার জানাজা শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে ইজতেমায় অংশ নেওয়া অন্যান্য মুসল্লিরা জানান, প্রচণ্ড শীতের কারণে তাদের মৃত্যু হতে পারে।

মারা যাওয়া শাহজাহানের ছেলে খসরু চকদার ও জুলাহাসের ছেলে আলহাজ মিয়া লাশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে টাঙ্গাইল শহরের বৈল্যা ধুলেচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়।