শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত পিয়াস আলী উপজেলার পিয়াস ভট্টাচার্যপাড়া গ্রামের মো. আরশেদ আলীর ছেলে এবং বাবুপাড়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
ওসি মোফাজ্জেল হোসেন জানান, মৃত পিয়াস গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় রশিদ মোড় এলাকায় টিভি দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করলেও তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিলো না। শুক্রবার সকালে ভট্টাচার্যপাড়া গ্রামের রায় মশাইয়ের পুকুরে পিয়াসের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, মরদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তাৎক্ষনিকভাবে এ মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।