নিখোঁজের এক মাসেও উদ্ধার হয়নি শিশু সাদমান

নিখোঁজ সাদমানকে উদ্ধারের দাবিতে মানববন্ধননারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকা থেকে নিখোঁজ হওয়ার প্রায় এক মাস পরেও দেড় বছরের শিশু সাদমান সাকিবকে উদ্ধার করতে পারেনি পুলিশ। নিখোঁজ সাদমানকে উদ্ধারের  দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

নিখোঁজের পরিবারের অভিযোগ, শিশু সাদমানকে উদ্ধারের ব্যাপারে আগ্রহ নেই পুলিশের।  

মানববন্ধনে নিখোঁজ সাদমান সাকিবের বাবা সৈয়দ ওমর খালেদ এপন জানান, গত পহেলা ডিসেম্বর নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকার বাড়ির সামনে থেকে তার দেড় বছরের  শিশু সাদমান সাকিব নিখোঁজ হয়। এই ঘটনায় মামলা করা হয়। কিন্তু প্রায় এক মাস হতে চললেও তার ছেলেকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ছেলেটিকে কারা অপহরণ করেছে এবং ছেলেটি কোথায় ও কীভাবে আছে তা কিছুই জানা যায়নি।  

এসময় তিনি দ্রুত তার ছেলেকে উদ্ধার করে  ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

নিখোঁজ সাদমানকে উদ্ধারের দাবিতে মানববন্ধনমানববন্ধনে বক্তারা শিশু সাদমান উদ্ধার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অবিলম্বে শিশু সাদমান সাকিবকে উদ্ধারের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।  

মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ সাদমান সাকিবের বাবা সৈয়দ ওমর খালেদ এপন, মা হাবিবা খালেদ মিথী, নানী শাহীনা মহিউদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের জেলার সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজসহ  স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।