জামিন নিতে গিয়ে বিএনপির পাঁচ নেতা কারাগারে

গাজীপুরগাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির খানসহ পাঁচ নেতাকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জানুয়ারি) তাদরেকে কারাগারে পাঠানো হয়। হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীণ জামিন শেষে নির্দেশনা মতে তারা আজ আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।

গাজীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কালিয়াকৈর থানার একটি মামলায় স্বেচ্ছায় জামিন চাইতে গেলে ১৪ আসামির মধ্যে পাঁচ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, হাইকোর্ট থেকে দুই সপ্তাহের অন্তর্বর্তীকালীণ জামিন শেষে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানার একটি মামলায় গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪ জন আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক আব্দুল হাই তাদের মধ্যে হুমায়ুন কবির খান, সাহাদত হোসেন, শাজাহান হোসেন, শাকিল হোসেন ও আলমাছসহ পাঁচ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৯ জনকে নিয়মিত হাজিরা শর্তে জামিন মঞ্জুর করেন।