রূপগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল এলাকা থেকে ৮৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ পিকআপ ভ্যানটি আটক করে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আলী রেজা জানান, পিকআপ ভ্যানটি কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় গতিরোধ করলে চালক এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে চলে যেতে থাকে। পরে পিকআপ ভ্যানটির পিছু নিয়ে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় পুলিশ আবারও গতিরোধ করলে চালক পিকআপ ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে কাঁচপুর হাইওয়ে থানায় পিকআপ ভ্যানটি এনে তল্লাশি চালিয়ে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক আলী রেজা আরও জানান, উদ্ধারকৃত গাঁজাগুলো চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।