নারায়ণগঞ্জে দেয়াল চাপায় দুই জন নিহত

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেয়াল চাপা পড়ে দুই জন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের কাশিপুরের ভোলাইল এলাকায় একটি পুরনো স্থাপনার দেয়াল ভাঙার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।

ফতুল্লা থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান জানান, ফতুল্লার ভোলাইল এলাকার মহিউদ্দিন ডাইং কারখানার মালিক সম্প্রতি ফ্যাক্টরির পাশে একটি পুরনো স্থাপনাসহ জমি কিনেন। আজ দুপুরে ওই পুরনো স্থাপনার দেয়াল ভাঙার কাজ চলছিল।  শ্রমিক মতিউর রহমান মতি ও আব্দুল কাদির এ কাজ করছিলেন এবং তাদের তদারকি করছিলেন ডায়িং কারখানার মালিক সফিক আহমেদের ছোট ভাই্ নজরুল ইসলাম নজু। এসময় হঠাৎ দেয়ালের একটি অংশ ভেঙে তাদের ওপর পড়ে। গুরুতর আহত নজরুল ইসলাম ও মতিউর রহমান মতিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া ) হাসাপাতালে নিয়ে গেলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। আহত আব্দুর কাদিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ত্রিশালে বাস ও প্রাইভেটকার খাদে পড়ে নিহত ১, আহত ৩০