পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ






ফেরি চলাচল বন্ধঘন কুয়াশার কারণে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টা থেকে পাটু‌রিয়া ও দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি বন্ধের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন রাসেল জানান, এই রুটে চলাচলের সময়  মাত্রাতিরিক্ত কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে ঘাট এলাকায় নোঙর করে ফেরিগুলো। এর পরপরই দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সকালে পাটুরিয়া প্রান্তে ৮টি ও দৌলতিদয়া ঘাট প্রান্তে আরও ৯টি ফেরি  নোঙর করে ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদীর উভয় পাড়ে দুই ঘাটে কয়েকশ যানবাহন আটকে পড়েছে। 
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল আরও জানান, কুয়াশার তীব্রতা কেটে গেলে আটকে পড়া যানবাহন ফেরিতে পারাপার করা হবে।