কাশিমপুর কারাগারে পাকিস্তানি হাজতির মৃত্যু

গাজীপুরগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর হাজতি পাকিস্তানি এক নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম হারুন (৫২), তিনি পাকিস্তানের করাচির মৃত আব্দুর রহমানের ছেলে। মাদক ও স্বর্ণ চোরাচালান মামলার আসামি ছিলেন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার মধ্য রাতে হারুন বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন। তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হারুন বিমানবন্দর থানায় মাদক ও স্বর্ণ চোরাচালান মামলায় ২০১৩ সালের ১৪ মার্চ গ্রেফতার হয়ে আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগার যান। পরে তিনি ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার এবং ২০১৬ সালের ৩ অক্টোবর সেখান থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তরিত হন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে হারুনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে লাশটি তার দেশে পাঠানো হবে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, শুক্রবার রাত পৌনে ৩টার দিকে হারুনকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।