গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনাগোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। রবিবার (৬ জানুয়ারি) রাত ২ টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনাপুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাট জেলার রায়েন্দাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার  ঢাকা- খুলনা মহাসড়কের  ঘোনাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বনফুল পরিবহনের চালক শেখ শাহিনসহ দুই জন নিহত ও ১০ যাত্রী আহত হয়।

ওসি জানান, নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল নেওয়া হয়েছে। আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।