ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে গত ১৬ জানুয়ারি সন্ত্রাসী হামলায় আহত হন মেয়র আইভী। পরে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় নিয়ে আসা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আরও উন্নত চিকিৎসার জন্য মেয়র আইভীকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
গত ১৮ জানুয়ারি বিকাল ৪টার দিকে নগর ভবনে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হঠাৎ করে অসুস্থ হয়ে বমি করেন। এসময় সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার গোলাম মোস্তফা এসে তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং তার শরীরে স্যালাইন পুশ করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বিকাল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত মঙ্গলবার নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, শামীম ওসমান নগরীর ফুটপাতে উচ্ছেদ করা হকারদের বসানোর ঘোষণা দেন। এর প্রতিবাদে নগর ভবন থেকে পায়ে হেঁটে মেয়র আইভী তার নেতাকর্মীদের নিয়ে মিছিলসহ চাষাঢ়া এলাকায় আসেন। এসময় মুক্তি জেনারেল হাসপাতালে সামনে এলে শামীম ওসমানের সমর্থক ও হকাররা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম আইভীর সমর্থকদের লক্ষ্য করে গুলিও ছোড়ে। নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মেয়র আইভীকে হামলা থেকে রক্ষা করার চেষ্টা করেন। তবে এরপরও মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই শতাধিক ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
আরও পড়ুন- সংবাদ সম্মেলনে যা বললেন আইভী (ভিডিও)