নারায়ণগঞ্জে হকার বসানো নিয়ে সংঘর্ষ: পুলিশের মামলা

 

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা করেছে পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) জয়নাল আবেদীন মামলাটি করেন। ১৩৪, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ধারায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাত ৪শ’ থেকে ৫শ’ জনকে আসামি করা হয়। 

মামলায় অভিযোগ করা হয়, ১৬ জানুয়ারি বিকাল ৪টার দিকে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও  কাউন্সিলরসহ লোকজন নিয়ে নগর ভবন থেকে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে চাষাঢ়ার দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে নগরীর চাষাঢ়া প্রেস ক্লাবের দিকে আসা পদযাত্রাটির ওপর হকাররা আকস্মিকভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় এমপি শামীম ওসমানের অনুসারী যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম খান অস্ত্র উঁচিয়ে তাদের মুখোমুখি হলে আইভীর সমর্থকরা তাকে ধরে পিটুনি দেয়। তখন কে বা কারা তার হাত থেকে অস্ত্রটি নিয়ে যায়।  দুই পক্ষের সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপে মেয়র আইভী এবং সাংবাদিকসহ অনেক লোক আহত হন। এসময় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে দায়িত্ব পালনের সময় ইটপাটকেল নিক্ষেপে এএসআই (এবি)  সুরুজ্জামান, এসআই সশস্ত্র আব্দুল হাই, কনস্টেবল স্বপন, কনস্টেবল রাসেল, কনস্টেবল বাকির, কনস্টেবল মনির ও কনস্টেবল সফিকুল আহত হন। এসময় পুলিশ ৯৯ রাউন্ড শটগানের গুলি, ২ রাউন্ড গ্যাসগান, ও ২ রাউন্ড টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসির দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাক বলেন, ‘মামলা হয়েছে। এখন পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে কারা সম্পৃক্ত তাদের চিহিৃত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়তে পারেন: নারায়ণগঞ্জে হকার বসানো নিয়ে সংঘর্ষ: আরও ৭ দিন পেলো তদন্ত কমিটি