বিএনপি আদালতে রায় মানে না মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,‘আদালতের রায় খালেদা জিয়ার বিপক্ষে গেলে বিএনপি সারাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে বলে হুমকি দিচ্ছে। তারা সারা দেশে আন্দোলন ও সহিংসতা করবে বলেও হুমকি দিচ্ছে। আদালতের বিরুদ্ধে যারা হুমকি দিতে পারে তাদের হাতে দেশের গণতন্ত্র ও বিচার ব্যবস্থা নিরাপদ নয়।’ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সাভারের হমায়েতপুরে সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘দেশের আদালত ও বিচার ব্যবস্থা স্বাধীন। কারণ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং সাংসদরাও দুর্নীতি মামলায় হাজিরা দিচ্ছেন। এমনকি মন্ত্রীর ছেলেও জেল খাটছেন। তাহলে বিএনপি কিভাবে বলে আদালত স্বাধীন নয়।’
রাষ্ট্রপতি নির্বাচনেও দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আওয়ামী লীগ মনোনয়ন দিবে বলে মন্ত্রী জানান।
আঞ্চলিক সড়ক উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।