সাভারে বস্তিঘরে আগুন, দুই ভাইয়ের মৃত্যু

সাভারসাভারের তেঁতুলঝোড়ায় একটি অস্থায়ী বস্তিঘরে আগুন লেগে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) ভোর রাতে তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- জাহিদ (১৩) ও নাহিদ (৭)। তারা সাভারে মা জোবেদা বেগমের সঙ্গে অস্থায়ী বস্তিঘরে থাকতো। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার রানীনগর থানার ত্রিমোহনী গ্রামে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, তেঁতুলঝোড়া এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত জায়গায় বস্তিঘর তৈরি করে জোবেদা বেগম তার দুই শিশু সন্তানকে নিয়ে বসবাস করতেন। জোবেদা বেগমের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। মাঝ রাতে এই সমস্যা প্রকট হলে দুই সন্তানকে ঘরের মধ্যে তালাবদ্ধ রেখে তিনি হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ওষুধের দোকানে যান। এ সময় দুর্ঘটনাবশত কাঠের আসবাবের ওপর রাখা মোমবাতির আগুনে পুরো ঘর পুড়ে  যায়। এতে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় দুই শিশু পুড়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।