সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও হত্যার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ইবনে ফরহাদ বলেন, ‘এ ধরনের ঘটনা তার জানা নেই। তবে একজন অপরাধীর জন্য তার পরিবারের লোকজনের ওপর হামলা চালানোর কারও অধিকার নেই। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় কোন অভিযোগও দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দত্তপাড়া এলাকার আশরাফ আলী বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ছেলে তপুর সঙ্গে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনের কথা কাটাকাটি হয়। এ ঘটনার খবর পেয়ে তার বড় ছেলে মোশারফ করিম অপু ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।’
যুবলীগ নেতা জাহাঙ্গীর শিকদারের মৃত্যুর ঘটনায় তার মামা জাভেদ হোসেন বাদী হয়ে শুক্রবার সাভার মডেল থানায় ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৬ জনকে আসামি করে একটি মামলা করেন। নিহত যুবলীগ নেতার বাবার নাম সহমুদ্দিন শিকদার।
আশরাফ আলী বলেন, ‘জাহাঙ্গীরের মৃত্যুর পর শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে যুবলীগ নেতার সেলিম মন্ডলের অনুসারী প্রায় ২০-৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এসময় যুবলীগ নেতার লোকজন তার পরিবারের সদস্যদের মারধর শুরু করলে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এর পর তার বাড়ির প্রতিটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এমনকি আলমারি ভেঙে ভেতরে থাকা নগদ লক্ষাধিক টাকা, স্বার্নালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। এসময় তারা তাদের বাড়িতে থাকা ৫টি গরুও নিয়ে যায়। এর পর তার আত্মীয় মহর আলী, আনসার আলী, বারেক ও মোশারফের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে আরও প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয়। এরমধ্যে ১০টি গরুও ছিল।’
হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার আনসার আলীর স্ত্রী বলেন, ‘যুবলীগ নেতার লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে সব আসবাবপত্র ভেঙে নগদ টাকা স্বর্নালঙ্কার, ইলেকট্রনিক্স সামগ্রী, গবাদী পশু ও জমির দলিল পত্রসহ সব মূলব্যান সামগ্রী লুটে নিয়েছে। এছাড়াও তার মেয়ে আন্নী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছোট মেয়ে মুন্নী স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। যুবলীগ নেতা-কর্মীদের ভয়ে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন।’
সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মন্ডল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা নিজেরাই বাড়ি-ঘর ভাঙচুর চালিয়ে আমার লোকজনের নামে মিথ্যা অভিযোগ রটাচ্ছে।’