গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার এমসি-রঙ্গীলা বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটির অঙ্গ-প্রত্যঙ্গ খণ্ডিত অবস্থায় থাকায় নিহতের বয়স এবং পুরুষ না মহিলা তা নির্ধারণ করা যায়নি। মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্টেশন অফিসার আল-আমিন  জানান, মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির মহাসড়কের পাশে লাশ পরে থাকার সংবাদ দেয়। পরে সেখানে গিয়ে নিহতের খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখি। পরে লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়। ধারনা করা হচ্ছে নিহতের লাশের ওপর দিয়ে একাধিকবার যানবাহন চলাচল করেছে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, রাতের কোনও এক সময় অজ্ঞাত ব্যাক্তিটি দ্রুতগামী বাস চাপায় নিহত হয়ে থাকতে পারে। পরে ওই লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় লাশটি খণ্ডিত হয়ে থাকতে পারে। লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।