গাজীপুরের শ্রীপুরে একটি পিকআপ ভ্যান উল্টে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হন দুই জন। বুধবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৬ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজারে (সুফিয়া কটন মিল কারখানার সামনে) এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- যশোর কতোয়ালি থানার জগন্নাথপুর গ্রামের সৈয়দ আব্দুর রশীদ মীরের ছেলে সৈয়দ আব্দুল হালিম (৫০), গাজীপুর সদর উপজেলার খাইলকুর গ্রামের আবুল হোসেনের ছেলে আশিকুর রহমান (২০) এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভালুজান ভোটঘর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩০)।
আহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়া (১৮) এবং গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২২)। তাদেরকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওই স্থানে একটি কাভার্ডভ্যান দাঁড়ানো ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী মুরগি বহনকারী একটি পিকআপ দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় পিকআপে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
তবে এসআই হরিদাস জানান, বুধবার ভোরের ময়মনসিংহের ভালুকার আঙ্গারগাড়া গ্রাম থেকে মুরগি বহনকারী একটি পিকআপ গাজীপুরের বোর্ড বাজারে যাচ্ছিল। পথে মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাইল মিটারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিন জন নিহত এবং অপর দুই যাত্রী আহত হন। আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।