দাখিল পরীক্ষা কেন্দ্রে শিক্ষক লাঞ্ছিত, ট্যাগ অফিসার ক্লোজড

গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কেন্দ্র পরিদর্শককে লাঞ্ছিত করার অভিযোগে ট্যাগ অফিসারকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্তর ট্যাগ অফিসার মনিরুল ইসলামের বিচারের দাবিতে স্মারক লিপি দিয়েছেন মুকসুদপুরের শিক্ষকরা।

জানা যায়,  বৃহস্পতিবার সকালে আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মুরাদ হোসেন দাখিল পরীক্ষায় কেন্দ্রে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করতে যান। তার দায়িত্ব ছিল মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে গিয়ে তার দায়িত্বপ্রাপ্ত কক্ষ কোনটি জানার জন্য কেন্দ্র সচিবের খোঁজ করেন। এসময় কেন্দ্রে উপস্থিত উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ও কেন্দ্রের ট্যাগ অফিসার মনিরুল ইসলাম তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এক পর্যায়ে শিক্ষক মুরাদ হোসেন ওই ট্যাগ অফিসারকে পরীক্ষা কেন্দ্র থেকে বেড়িয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ট্যাগ অফিসার মৌলভী মুরাদ হোসেনকে মারধর করে গুরুতর আহত করেন। পরে অন্য শিক্ষকরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে, শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে উপজেলা শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষকরা। এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ শাহাদাত হোসাইন মিজান, অধ্যক্ষ আলী আহমেদ, অধ্যক্ষ নজরুল ইসলাম, শিক্ষক নেতা হায়দার হোসেন, যুবলীগ নেতা আশিকুর রহমান রনি, জাসদ সভাপতি আজম শরীফ প্রমুখ।

সমাবেশ শেষে তারা বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলীর কাছে স্মারক লিপি দেন। এসময় নির্বাহী কর্মকর্তা সালমা আলী তাৎক্ষণিকভাবে ওই ট্যাগ অফিসার মনিরুল ইসলামকে প্রত্যাহার করে অফিসে ক্লোজড করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ইউএনও অফিসের একজন ট্যাগ অফিসার কোনও কারণ ছাড়াই একজন শিক্ষকের গায়ে হাত দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন। আমরা এ বিষয়টি ডিডিএলজি কালাচাঁদ সিংহকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

আরও পড়ুন: কুমিল্লা কোর্টে বিচারকের সঙ্গে অসদাচারণ করায় পিপির ছেলে আটক