ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধপদ্মা নদী‌তে ঘন কুয়াশার কারণে রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটা থেকে পাটু‌রিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই ২টি ফেরি মাঝ পদ্মায় আটকে পরে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রবিবার গভীর রাত থেকেই ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যেতে থাকে। এতে করে নৌরুটের চ্যানেল দেখা যাচ্ছিলনা। পরে দুর্ঘটনা এড়াতে রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে  সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

ফেরি চলাচল বন্ধতিনি আরও জানান, এ সময় মাঝ পদ্মায় ২টি ফেরি আটকে পরে। এছাড়া পাটুরিয়া ঘাটে ১২টি ও দৌলতদিয়া ঘাট পয়েন্টে ২টি ফেরি নোঙর করতে বাধ্য হয়। 

ঘনকুয়াশার কমে যাওয়ার সাথে সাথে ফেরি চলাচল শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। 

এদিকে ঘাট এলাকায় পার হতে আসা যাত্রীরা শীতের মধ্যে চরম দুভোর্গে পড়েছে। আর ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের শতাধিক যানবাহন আটকে পড়েছে।