নিখোঁজের ছয় দিন পর কৃষকের মৃতদেহ উদ্ধার

 

গাজীপুরগাজীপুরের কালীগঞ্জ থেকে নিখোঁজের ছয় দিন পর এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপাসিয়া জঙ্গল থেকে জহিরুল ইসলামের (৪০) মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের বড় বোন সেলিনা পারভীন বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেছেন।

নিহত জহিরুল ইসলাম কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ভিটি বাগুন (পুরান বাড়ি) গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত জানান, গত ৩০ জানুয়ারি সকালে কৃষক জহিরুল বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার কামড়া গ্রামের একটি জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।