ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। ওসি জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে খালেদা জিয়ার গাড়িবহর ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে পৌঁছার কিছু আগে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ তখন কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে এবং লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। দুই পক্ষের সংঘর্ষে ভৈরব থানার ওসি, বেশ কয়েকজন পুলিশসদস্য ও বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।
পুলিশের হাতে আটক নেতাকর্মীরা হলো জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাহার মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান পার্ণেল ও ভৈরব পৌর যুবদল নেতা মাসুদ। বিকালে তাদের কিশোরগঞ্জ মডেল থানা হাজতে রাখা হয়।