মানিকগঞ্জে বিএনপির ১২ নেতাকর্মী আটক






মানিকগঞ্জনাশকতার আশঙ্কায় মানিকগঞ্জে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়,  জেলার সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমির হামজাসহ চারজন, সদর উপজেলায় বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ দু’জন, ঘিওর উপজেলায় পাঁচ জন ও  দৌলতপুর উপজেলায় এক বিএনপি কর্মীকে আটক করে পুলিশ।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত তিনদিনে জেলা থেকে অর্ধশত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। 

ওসি জানান, ৮ তারিখে খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে জেলায় নাশকতামুলক ঘটনা ঘটাতে পারে এমন আশঙ্কায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।