বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিম পাশে এ সংর্ঘষের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুমন মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন। সুমনের বাবার নাম মনু মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যাতে কোনও নাশকতা সৃষ্টি না হয় সেজন্য কাঞ্চন পৌরসভা যুবলীগ সভাপতি রফিক ও সাধারণ সম্পাদক গোলাম রসুলের নেতৃত্ব আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। একই এলাকায় রাস্তার আরেক পাশে অবস্থান নেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়ার সমর্থকরা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার টুকুও সেখানে উপস্থিত ছিলেন। এসময় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ রাস্তার মাঝে অবস্থান নিয়ে দুই পক্ষকে সরে যেতে নির্দেশ দেন। এক পর্যায়ে পরিস্থিতি অবনতি ঘটলে পুলিশ দুই পক্ষকে ধাওয়া করে লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড টিয়ার শেল, প্রায় ৭০ রাউন্ড শটগানের গুলি ও ৪৯৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।