মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

মানিকগঞ্জমানিকগঞ্জের জোকা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের যাত্রী শিপন মুন্সী (৩৮) ও বাসচালক সোবহান শেখ (৫২)। শিপনের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ধল্লা বেপারীপাড়া গ্রামে। সোবহানের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা নিহালপুর গ্রামে। আহতদের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি (নারায়ণগঞ্জ-জ-০৪-০১৯৭) ঢাকা থেকে আরিচা যাওয়ার পথে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জোকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির সামনের চাকা বিকট শব্দে ফেটে যায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গাড়ির চালক সোবহান শেখ ও বাসযাত্রী শিপন মুন্সী মারা যান।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়ামিন উদ-দৌলা জানান, বৃহস্পতিবার বিকালে বানিয়াজুরী বাসস্ট্যান্ডের অদূরে জোকা এলাকায় যাত্রীসেবা পরিবহনের মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের মধ্যে চালকসহ দুই জন মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।