সুমন মিয়া রুপগঞ্জের গন্ধবপুর এলাকার মুনু মিয়ার ছেলে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘নিহতের বুকের বাম পাশে এবং বাম হাতে প্রায় ১৫ থেকে ২০টি গুলি বিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে ।’
রুপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন জানান, নিহত সুমন মিয়া তারাবো পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় কর্মী। তিনি স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সমর্থক ছিলেন।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন জানান, আলমগীর, বায়োজিত, মামুনসহ আটক ৪৩জনকে জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামালায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যাতে কোনও নাশকতা না হয়, সেজন্য পুলিশের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও রূপগঞ্জের কাঞ্চন সেতুর পশ্চিমপাশে ৩শ’ ফুট সড়কে অবস্থান নেয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সমর্থক নেতাকর্মীরা রাস্তার এক পাশে এবং রুপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের সমর্থক নেতাকর্মীরা আরেক পাশে অবস্থান নেয়। দুই পক্ষই লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি স্লোগান দিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে চেষ্টা করে।
সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, ‘কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক আওয়ামী লীগের কেউ না। রফিক চেয়ারম্যানের গানম্যানের অস্ত্র নিয়ে তার ছোট ভাই শফিক আমার সমর্থকদের ওপর হামলা ও গুলি করেছে। গুলিতে যুবলীগ কর্মী নিহত হয়েছে।’
চেয়ারম্যান রফিকের করা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি পরিচ্ছন্ন রাজনীতি করি । ভূমিদস্যু ও সন্ত্রাসী লালন-পালন করি না।’
কায়েতপাড়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যার রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমি কর্মসূচিতে ছিলাম না। সেখানে আমার গানম্যান যাবে কেন? পুলিশের গুলিতে সুমন মিয়া মারা গেছে।’
এসপি বলেন, ‘সুমনের শরীরে ছরাগুলি লেগেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়তে পারেন:
বিএনপিকে ঠেকাতে গিয়ে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১