বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আজমল হোসেন ঘাটে যানবাহনের লম্বা লাইনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক ( বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, ফরিদপুরের আটরশি দরবার শরিফমুখী প্রচুর যাত্রীবাহী বাসের চাপ তৈরি হয়েছে। এছাড়াও জরুরি পণ্যবাহী ট্রাক ফেরিতে পার হচ্ছে। এজন্যই মূলত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের জট বৃদ্ধি পেয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ছোট ফেরি চন্দ্রমল্লিকা পাটুরিয়া ঘাট এলাকায় মেরামতে রয়েছে বলেও জানান তিনি।
ঘাট সূত্রে জানা যায়, পাটুরিয়া- দৌলতদিয়া রুটে বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
অপরদিকে পাটুরিয়া ফেরিঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী মহা-ব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ‘যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী পরিবহন, ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এছাড়া সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো পাটুরিয়া ফেরিঘাট এলাকার ট্রাক টার্মিনালে আটকে রাখা হয়েছে। যাত্রীবাহী বাস পারাপার নিয়ন্ত্রণে আসার পর সিরিয়াল অনুযায়ী আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলো পারাপার করা হবে।’
তবে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের কোনও বাড়তি চাপ নেই বলে জানা গেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ জানান, সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের কোনও চাপ নেই। ঘাট এলাকায় আসা মাত্রই ঢাকামুখী সব যানবাহন নদী পার হওয়ার সুযোগ পাচ্ছে।