রাজবাড়ীতে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

রাজবাড়ীরাজবাড়ীর পাংশা উপজেলায় বাকপ্রতিবন্ধী এক নারীকে (৩২) ধর্ষণের অভিযোগ উঠেছে এক বাজার পাহারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পাহারাদার মতিন মণ্ডলকে (৩৬) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে মতিনকে কারাগারে পাঠানো হয়েছে।

মনিত পাংশা শহরের মৈশালা এলাকার আবু বক্কার মণ্ডলের ছেলে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। এর আগে রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে পাংশা শহরের মৈশালা আজিজ সরদার বাসস্ট্যান্ড বাজারের একটি চায়ের দোকান ঘরের সামনে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শহীদ জানান, রবিবার দিনগত রাতে ওই বাকপ্রতিবন্ধী নারী মৈশালা আজিজ সরদার বাসস্ট্যান্ড বাজারের ঈমান আলী শেখের চায়ের দোকানের সামনের খোলা জায়গার চৌকির ওপর ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে ওই বাজারের বেতনভুক্ত পাহারাদার মতিন মণ্ডল তাকে একা পেয়ে ধর্ষণ করে। সকালে ওই বাকপ্রতিবন্ধী নারী আকার ইঙ্গিতের মাধ্যমে ধর্ষণের ঘটনা এবং এর সঙ্গে মতিনের যুক্ত থাকার কথা প্রকাশ করে। এ ঘটনায় বাজার ব্যবসায়ী সোবাহান মিয়া বাদী হয়ে পাংশা থানায় মামলা করেছেন।

মামলার বাদী সোবাহান মিয়া বলেন, ‘ওই বাজারে ফিড ও হার্ডওয়ারের দোকান রয়েছে। দুই বছর আগে ওই বাকপ্রতিবন্ধী নারী আমাদের বাজারে এসে অবস্থান নেন। দোকানদারদের কাছ থেকে খাবার চেয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। রাতের বেলায় তিনি ওই বাজারের ঈমান আলী শেখের চায়ের দোকানের সামনের অংশে একটি চৌকির ওপর ঘুমিয়ে থাকতেন। তিনি কথা বলতে পারেন না বলে সবাই তাকে বুবী বলে ডাকে। প্রতিদিনের মতো রবিবার রাতেও তিনি ওই চায়ের দোকানের সামনে ঘুমিয়ে ছিলেন। ওই রাতে বাজারের বেতনভুক্ত তিন পাহারাদার মতিন মণ্ডল, রিয়াজ মণ্ডল ও মোসাই মণ্ডল পাহারার দায়িত্বে নিয়োজিত ছিলেন। রাত ৩টার দিকে রিয়াজ ও মোসাই বাজারের অন্যদিকে পাহারার কাজে ব্যস্ত থাকার সুযোগে মতিন ওই বাক প্রতিবন্ধীকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় তার উচ্চস্বরে আর্তনাদের শব্দে বাজারের অন্য দুই পাহারাদার এগিয়ে এসে মতিন মণ্ডলকে ধর্ষণ শেষে চলে যেতে দেখে। ওই বাজারে মতিন মণ্ডলেরও একটি চায়ের দোকান আছে।’

সোবাহান মিয়া আরও বলেন, ‘সোমবার সকালে ওই বাকপ্রতিবন্ধী নারী মতিন মণ্ডলের দোকান দেখিয়ে আকার ইঙ্গিতে ধর্ষণের কথা প্রকাশ করেন। এসময় বাজারে অনেক লোক সমবেত হয়ে যায়। এ ঘটনার পর আমি মোবাইলে মতিনকে বাজারে আসতে বলি। এর প্রায় ৩ ঘণ্টা পর মতিন বাজারে আসলে ওই বাকপ্রতিবন্ধী আকার ইঙ্গিতে তাকে দেখিয়ে দেন। পরে দুপুরের দিকে পুলিশ মতিনকে আটক করে থানায় নিয়ে যায়।’