১০ মার্চ বসতে পারে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান

পদ্মাসেতুর স্প্যান (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)আগামী ১০ মার্চ শনিবার পদ্মা সেতুর তৃতীয় স্প্যান বসানোর দিন ধার্য করা হয়েছে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। আজ বুধবার (৭ মার্চ) ৭ সি স্প্যানটিকে (সুপার স্ট্রাকচার) মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনে করে জাজিরা প্রান্তে নেওয়ার কথা। স্প্যানের রঙের কাজও শেষ। তাই জাজিরা প্রান্তে নেওয়ার জন্য ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে ট্র্যাকে তোলা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের এক সহকারী প্রকৌশলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ‘তৃতীয় স্প্যানটির কন্সট্রাকশনের কাজ শেষ। বুধবার সকাল ১০টার দিকে এটিকে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়ান ই’-তে করে জাজিরা প্রান্তে নেওয়া হবে। প্রথম দুটি স্প্যানের মতো করেই এটিকে সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের ওপর বসানো হবে। এই স্প্যান বসানো হলে সেতুর ৪৫০ মিটার দৃশ্যমান হবে।’

এদিকে, পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুর মাওয়া প্রান্তে এ পর্যন্ত মোট ১৩টি স্প্যান চীন থেকে এসে পৌঁছেছে। তৃতীয় স্প্যানের পাশাপাশি চতুর্থ স্প্যানের কাজও দ্রুত এগিয়ে চলছে। চতুর্থ স্প্যানটিও বসবে জাজিরা প্রান্তে। তাই ৪১ নম্বর পিয়ারের কাজও চলছে। শিগগিরই এর পিয়ারের কাজ শেষ হবে।

সেতু প্রকল্পের প্রকৌশলীরা জানান, ৪২টি পিয়ারের ওপর স্প্যান বসবে ৪১টি। ৪০টি পিয়ার থাকবে নদীর ওপর ও বাকি দুটি নদীর পাড়ে।

প্রায় ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করছে সরকার।

আরও পড়ুন- এক নজরে পদ্মা সেতু