নিখোঁজ তন্ময় সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের হাজিপুর গ্রামের কাঞ্চন খানের ছেলে। সে বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিখোঁজ তন্ময়ের ভাই জুম্মন খান জানান, ৩ মার্চ দুপুর আড়াইটার দিকে নানার বাড়ির উদ্দেশে বাসা থেকে বের হয় তন্ময়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পড়ার টেবিলে একটি চিঠি পাওয়া গেছে। তাতে তন্ময় লিখেছে ‘আমাকে খুঁজেন না, আমার যে দিন সময় হবে আসব। শুধু শুধু খুঁজে টাকা নষ্ট কইরেন না। বিশ্বাস রাখেন আমার কিছু হবে না। আমি যেখানে থাকবো, ভালো থাকবো।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি (নং ৩৫৮/ তারিখ ৯-৩-২০১৮) দায়ের হয়েছে। আমরা ইতোমধ্যে সব থানায় বেতার বার্তা পাঠিয়েছি। প্রেমঘটিত কারণে সে নিখোঁজ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’