নেপালে নিহত পিয়াসের স্মরণে শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজে ক্লাস বন্ধ

নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পিয়াস রায়গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের এমবিবিএস ফাইনাল পরীক্ষা শেষে হিমালয় কন্যা নেপালে রওনা হয়েছিলেন বরিশালের ছেলে পিয়াস রায়। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন তিনিও। পিয়াসের মৃত্যুতে আজ মঙ্গলবার (১৩ মার্চ) গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়।

এমবিবিএস ফাইনাল পরীক্ষা শেষে পাঁচ দিনের জন্য ইউএস বাংলার বিমানে করে নেপাল যাচ্ছিলেন পিয়াস। পিয়াসের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন মেডিক্যাল কলেজের শিক্ষর্থীরা। মঙ্গলবার সকাল ১০টায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে এক মিনিট নীরবতা পালন করেন। সেই সঙ্গে কলেজের ক্লাস ও একাডেমিক কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বালন করে জানানো হয় শোক।

পিয়াস রায় বরিশাল নগরীর গফুর সড়কের মধুকাঠি ভবনের বাসিন্দা। তার বাবার নাম সুখেন্দ্র বিকাশ রায়। দুই ভাই বোনের মধ্যে পিয়াস বড়।

আরও পড়ুন- বিমান দুর্ঘটনায় নিহত পিয়াস রায়ের বাড়ি বরিশালে