আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী সারপাড়া এলাকা থেকে মঙ্গলবার সকালে স্বপন মিয়ার লাশ আম গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। অপরদিকে সোমবার রাতে বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আছমা আক্তারের লাশ উদ্ধার করা হয়। মৃত স্বপন মিয়া উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী সারপাড়া এলাকার মোন্তাজ মিয়ার ছেলে ও মৃত আছমা আক্তার একই উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকার তারেক রহমানের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, স্বপন মিয়ার লাশটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর স্বপনের মৃত্যুর আসল কারণ জানা যাবে। তিনি আরও জানান, গৃহবধূ আসমার আক্তারের লাশটিও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আসমা আক্তার আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।