গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় জাল টাকা তৈরির কারখানা থেকে তিনজনকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হচ্ছে।
আটককৃতরা হলেন, শামীম ইসলাম ও আল আমিন জাহিদ।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গাজীপুর মহানগরের চান্দনা এলাকার সি ব্লকের ৬৮১নং বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ির চতুর্থ তলার একটি ঘর থেকে ৫ লাখ ৮১ হাজার জাল টাকা, একটি ল্যাপটপ, দুইটি প্রিন্টার, টাকা তৈরির কাগজ, জাল টাকা তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জাম ও কেমিক্যাল জব্দ করে। জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, ঈদকে সামনে রেখে সক্রিয় এই জালিয়াত চক্রটি জাল টাকা তৈরি ও মজুদ করছিল। জালিয়াত চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে, খুব শিগগিরই বাকিদের আটক করে বিচারের আওতায় আনা হবে।