সৌদি আরবের রিয়াদে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে ছয় বাংলাদেশি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে এই আগুন লাগে। বাংলাদেশি হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ওই ভবনে আমাদের শ্রমিক কতজন ছিলেন তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছেন দূতাবাসের কর্মকর্তারা।
রিয়াদে নিহতদের মধ্যে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জালাল পালের ছেলে রাকিব রয়েছেন বলে স্থানীয়রা জানান। জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, রাকিব অবিবাহিত ছিলেন। মা- বাবার একমাত্র সন্তান হিসেবে তাদের সংসারের হাল ধরতে তিনি সৌদি আরবে পাড়ি দেন। সংসারে সচ্ছলতা আনার আগেই রাকিব পৃথিবী থেকে বিদায় নিলেন।
জয়মন্টপ ইউনিয়নের দুর্গাপুর ওয়ার্ড সদস্য মো. আব্দুস সালাম জানান, রাকিবের মৃত্যুর সংবাদটি মিডিয়া ও তার সহকর্মীদের ফোনের মাধ্যমে জানতে পারেন তার স্বজনরা। এই খবরে গ্রামবাসী ও তার নিকটাত্মীয়রা ভিড় করছেন তার বাড়িতে। রাকিবের মরদেহ কবে দেশে আসবে সেটা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।
আরও পড়ুন- রিয়াদে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত