ফরিদপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরফরিদপুর জেলার মধুখালি উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামে লুৎফর বিশ্বাস (৩০) নামে এক পাটকল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মে) দিবাগত রাত ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মধুখালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত লুৎফর বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর আফরা গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে লুৎফর মিল থেকে বাসায় আসার পর ঘুমিয়ে পড়ে। পরে রাত ৪টার দিকে তাকে বিছানায় না পেয়ে পাশের ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে মৃত অবস্থায় দেখে তার স্ত্রী মনিরা খাতুন।

এসআই জানান, লুৎফর স্থানীয় রাজ্জাক খান জুটমিলে শ্রমিকের কাজ করত ও স্ত্রী অন্যের বাড়ীতে কাজ করে সংসার চালাতো। তাদের আড়াই বছরের এক পুত্র সন্তান আছে। দাম্পত্য কলহের জের ধের সে আত্মহত্যা করে থাকতে পারে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।