গোপালগঞ্জে ধান বোঝাই পিকআপ উল্টে নিহত ৩

দুর্ঘটনায় আক্রান্ত পিকআপ গোপালগঞ্জে ধান বোঝাই পিকআপ উল্টে তিন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। সোমবার (৭ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের সবার বাড়ি খুলনা জেলার বৈঠাঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

তিনি জানান, বরিশালের অগৈলঝরার বাকলা গ্রামে ধান কেটে শ্রমিকরা তাদের ধান নিয়ে একটি পিকআপে করে বাড়ি ফিরছিলেন। এ সময় পাথালিয়া এলাকায় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার পাশে খাদে ফেলে দেয়। এসময় ধানের বস্তার নিচে চাপা পরে ঘটনাস্থলেই মাইনুল ও ময়না নামে দুই শ্রমিক নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামরুল কাজী মারা যান।

তিনি আরও জানান, আহত ৮ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।