চাঁদাবাজির মামলায় মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান রাজিবকে (৪৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মানিকপুর এলাকা থেকে রাজিবকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত এ আদেশ দেন এবং রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
গ্রেফতার রাজিব মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিছের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, ‘২০১৭ সালের চাঁদাবাজির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাজীব। দুপুরের দিকে তাকে সদরের মানিকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাইলে আমলি আদালত-১ এর বিচারক হায়দার আলী ৯ মে শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।