টাঙ্গাইলে একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

টাঙ্গাইলটাঙ্গাইলের ঘাটাইলে একই রশিতে ফাঁস লাগানো অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ মে) সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার মধ্যপাড়া গ্রামের নূরু কাজীর ছেলে তারা কাজী (২৭) ও তার স্ত্রী গাইবান্ধার গোবিন্দ্গঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের খাজা মিয়ার মেয়ে খাদিজা খাতুন (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তারা কাজী ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় প্রথম স্ত্রীকে রেখে প্রায় তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী সুমাইয়া বেগম আদালতে মামলা করে। পরে তারা কাজী দ্বিতীয় স্ত্রী খাদিজাকে নিয়ে ঢাকায় চলে গিয়েছিল। কয়েকদিন পর তারা কাজী ঢাকা থেকে বাড়ি এলে পরিবারের সবাই দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিতে বলে। পরে রবিবার সকালে বাড়ির পাশে আমগাছ থেকে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তারা কাজীর প্রথম স্ত্রী সুমাইয়া বেগম বলেন, ‘আমার সঙ্গে ওর কোনও ঝামেলা ছিল না। ৩ দিনের মেয়ে তামান্নাকে রেখে সে ঢাকায় বিয়ে করেছে। আমি আমার বাবার বাড়িতেই থাকি।’

স্থানীয় ইউপি সদস্য (সংরক্ষিত) রুবি আক্তার জানান, তারা কাজী  শনিবার আমার কাছে এসে বলেছিল সে দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দেবে। পরে শুনলাম তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি আশরাফুল ইসলাম বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।