সোমবার রাতে নিহত রুবেলের ভাই মোমেন মিয়া বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি কের মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
মামলায় বাদী অভিযোগ করেন, ‘মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমাছের নেতৃত্বে নয়ন, সুরুজ, কাজল, নুরু মিয়া, খোকনসহ আরও কয়েকজন মিলে গত রবিবার রাতে মুড়াপাড়া নগরপাড়ায় বাড়িতে প্রবেশ করে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। খবর পেয়ে আমার ছোট ভাই রুবেল আমাকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা ধারলো অস্ত্র দিয়ে তার পেটে ছুরিকাঘাত করে। এসময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।’
বাদী মোমেন জানান, ‘আমার ভাই ছাত্রলীগ নেতা রুবেল মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সোচ্চার ছিলো। মুড়াপাড়ার যেখানেই মাদক ব্যবসা হতো সেখানেই প্রতিবাদ করতেন সে। মাদক ব্যবসার তথ্য দিয়ে সংবাদকর্মী ও পুলিশকে সে সহযোগিতা করতো। এ কারণে মাদক বিক্রেতারা আমার ভাইয়ের ওপর ক্ষিপ্ত ছিল। আর মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ মাদক কারবারীদের প্রধান পৃষ্টপোষক। ঘটনার দিন রবিবার রাত ৯টার দিকে ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছের নেতৃত্বে তার সহযোগীরা অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। এসময় রুবেলকে পিস্তলের বাট দিয়ে পিটিয়ে, রামদা দিয়ে কুপিয়ে ও পেটে ছুড়ি মেরে মৃত্যু নিশ্চিত করে প্রকাশ্যে বীরদর্পে খুনিরা ঘটনাস্থল ত্যাগ করে।’
এদিকে হত্যাকাণ্ডের পর তিনদিন পেরিয়ে গেলেও কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার প্রধান আসামি মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে জানান, ‘ঘটনার সময় আমি রাজধানীর শেওড়াপাড়া ডিএসএইচের বাসায় ছিলাম। মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের মেম্বার মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি জানান। আইপিএল খেলা নিয়ে বাজি ধরাকে (জুয়া) কেন্দ্র করে মামলার বাদীর সঙ্গে নয়ন, কাজল, সুরুজের দ্বন্দ্ব ছিল। এ নিয়ে খুন হয়েছে। কিন্তু হত্যাকাণ্ডের দুই দিন পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। যে রুবেল হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাকে আমি চিনিও না।’ তিনি প্রকৃত হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, ‘মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছকে আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
আরও পড়ুন-
রূপগঞ্জে আইপিএল খেলা নিয়ে বাজি, তরুণকে কুপিয়ে হত্যা
আর্জেন্টিনা সমর্থক বাবা-ছেলেকে কোপানোর অভিযোগ ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে