গাজীপুরে ট্রাকচাপায় পুলিশের এএসআইসহ নিহত ২

গাজীপুরগাজীপুরে পৃথক ঘটনায় ট্রাকচাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হন একজন। বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, গাজীপুর মহানগরের মীরের বাজার পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক আমজাদ হোসেন ও গাজীপুর ঝাঝড় এলাকার সাগর বোস (২৯)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আমজাদ হোসেন মীরের বাজার এলাকায় ঢাকা-বাইপাস সড়কে দায়িত্বপালন করছিলেন। এসময় সড়কে জ্যাম আটকে যাওয়ায় তিনি মোটরসাইকেল নিয়ে সড়কের উলুখোলা এলাকায় গিয়ে চালবোঝাই একটি ট্রাকের সামনে দাঁড়ান। এসময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি আমজাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এএসআই আমজাদ মারা যান।

অপরদিকে, সালনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোনাবাড়ি থেকে মহানগরের ঝাঝড় এলাকায়
বাবা-ছেলে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাজাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা
দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে সাগর বোস নিহত এবং বাবা অঞ্জন বোস আহত হন। অঞ্জন বোসকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।