কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের কথা বলে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ( ১ জুন) সকালে উপজেলার বালিয়াপাড়া পরিত্যক্ত জমিদার বাডিতে এ ঘটনা ঘটে। সোমবার (৪ জুন) রাতে ওই কলেজছাত্রী বাদী হয়ে অভিযুক্ত রিপন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, উপজেলার ভাটি গোপিন্দী এলাকার এক দিন মজুরের মেয়ে ও আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের দ্বাদশ প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে উচিৎপুরা এলাকার আজহারের ছেলে রিপন মিয়ার প্রায় ২ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ৩১ মে সকালে রিপন ওই কলেজছাত্রীর সঙ্গে দেখা করে জানান, তাদের প্রেমের সম্পর্ক তার মা-বাবা মেনে নিচ্ছে না। তাই তারা পালিয়ে বিয়ে করবে।
এরপর রিপন গত শুক্রবার সকালে উপজেলার বালিয়াপাড়ায় পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে আসতে বলে কলেজ ছাত্রীটিকে। রিপনের কথামতো ওই ছাত্রী শুক্রবার বেলা ১১টার দিকে বালিয়াপাড়ায় আসলে পরিত্যক্ত জমিদার বাড়ির নীচতলায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রিপন পালিয়ে যায়।
ওসি আরও জানান, ছাত্রীর পরিবারের লোকজন বিষয়টি রিপনের পরিবারকে জানালে তারা বিচারের আশ্বাস দেয়। পরে রিপনের পরিবারের লোকজন উল্টো কলেজছাত্রীর পরিবারকে  হুমকি দিচ্ছে মামলা না করার জন্য। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই কলেজছাত্রী নিজে বাদী হয়ে সোমবার রাতে আড়াইহাজার থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ করে রিপন মিয়া এবং হুমকি দেওয়ার জন্য তার বাবা ও ভাইসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি এম এ হক বাংলা ট্রিবিউনকে জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।