নরসিংদীতে পাসপোর্ট অফিসের দুই দালালের সাজা

নরসিংদী

নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই দালালকে আটকের পর সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোবায়েত হায়াৎ শিপলু এবং শাহা আলমের নেতৃত্বে আঞ্চলিক পাসপোর্ট অফিস ও এর আশপাশের দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মের্সাস মা টেলিকমের মালিক দালাল নাজমুল ইসলাম এবং নজরুল ইসলামকে পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। পরে তাদের যথাক্রমে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া জানান, দীর্ঘদিন ধরেই পাসপোর্ট সংশ্লিষ্ট খাতে জেলা প্রশাসনের নজরদারী বিদ্যমান। সম্প্রতি পাসপোর্ট অফিস ও এর বাইরের দালালদের খপ্পরে পড়ছিল সাধারণ মানুষ। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে উল্লেখিত দুই দালালকে আটক ও প্রয়োজনীয় সরঞ্জামাদী উদ্ধার করা হয়। প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। চলমান এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।