ফরিদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ফরিদপুরফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে রবিবার (১০ জুন) দুপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ওই গ্রামের জামের আলী মাতুব্বরের ছেলে সাজ্জাদ (৫) ও মেয়ে জেমি আক্তার (৮) এবং একই এলাকার বাসার মাতুব্বরের মেয়ে মিম আক্তারী (৪)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুর রহমান জানান, সদরপুর বাজারের ফল ব্যবসায়ী জামের আলীর বাড়িতে ইফতার মাহফিল ছিল। দুপুরে তার দুই ছেলে-মেয়ে ও পাশের বাড়ির অপর একটি মেয়ে পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে গভীর পানিতে তিন শিশুই ডুবে যায়। বাড়ির লোকজন সন্ধানের পর তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহাবুব উর রহমান ঘটনাস্থলে পৌঁছে শোকার্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ তিনটির দাফনের জন্য ৩০ হাজার টাকা দেওয়া হয়।