চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

সড়ক দুর্ঘটনা

ঠাকুরগাঁও, টাঙ্গাইল, নোয়াখালী ও কুমিল্লা জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রবিবার (১৭ জুন) এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনা নিয়ে আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিচে তুলে ধরা হল :

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও শহরে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। রবিবার (১৭ জুন) বিকালে শহরের রোড মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপুগী গ্রামের ফারুক ও কাউসার।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল ৩টার দিকে ঠাকুরগাঁও রোড মথুরাপুর এলাকা দিয়ে একটি মোটরসাইকেলে বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিল ওই তিন জন। এ সময় বিপরীত দিক আসা যাত্রীবাহী একটি মিনিবাস সামনে থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে আহত রবিউলকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মিনিবাসটি শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- জেলার কালিহাতী উপজেলার সহদবপুরর গ্রামের শামীম মিয়ার ছেলে অন্তর (১৮), একই গ্রামের জামাল মিয়ার ছেলে শাকিল (১৯) ও একই উপজেলার ঝাটিবাড়ী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান রাব্বি (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে তিন যুবক বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হাতিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লোকাল বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন যুবকের মৃত্যু হয়।
ওসি মোশারফ হোসেন বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’ ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আবদুল (২৮) নামে একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে মিজানুর রহমান মিজান (৪২) ও তার ভাই মতিউর রহমান বেলাল (৩৫) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটোরিকশা চালক মো. রাকিব (২২)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দিন জানান, নিহত বেলাল ও মিজান সকাল ১১টায় সোনাইমুড়ী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বিপুলাসার যাচ্ছিল। অটোরিকশাটি রামপুর পৌঁছলে বিপরীত দিক থেকে নোয়াখালীগামী হিমাচল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে চালক ও সহোদর নিহত এবং অপর এক যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ আসার আগেই নিহতদের লাশ স্বজনরা বাড়ি নিয়ে যান।

কুমিল্লা

কুমিল্লার বরুড়ায় মাইক্রোবাস খাদে পড়ে জুয়েল মোল্লা (৩৫) নামে  ট্রাভেল এজেন্সির  এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার উপজেলার লাইজলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল বরুড়া পৌরসভার বেলভুজ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্র জানায়, রবিবার (১৭ জুন) ভোরে কুমিল্লা থেকে বাড়ি যাওয়ার পথে বরুড়ায় লাইজলায় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তার মাইক্রোবাস খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।