মানিকগঞ্জের সিঙ্গাইরে ২০ জুন পিকআপ ভ্যানের চাপায় আব্দুর রহমান (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ব্রাক ব্যাংকের সিঙ্গাইর এসএমই শাখায় রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের সাভার, ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের মেদুলিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুভাষিনি গ্রামের আমির আলী খানের ছেলে। থানা পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যাংক কর্মকর্তা বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাভার ক্যান্টনমেন্টে অবস্থিত শ্বশুরালয় থেকে বের হয়ে অফিসের উদ্দেশে বের হয়েছিলেন। তিনি সাভার থেকে বাসে করে হেমায়েতপুরে যান। সেখান থেকে সিঙ্গাইর যাওয়ার পথে হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের মেদুলিয়া এলাকায় বিপরীত দিকে আসা সবজি বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে তাকে বহনকারী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমানকে স্থানীয়রা সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় পিকআপ ভ্যান ও অটোরিকশার চালকসহ আহত ওপর ৬ জনকে ঢাকা, সাভার ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানিয়েছেন, নিহত ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমানের লাশ তার স্বজনরা হাসপাতাল থেকে নিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশাটি থানার হেফাজতে রয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।