ওয়ারিশ সনদ জালিয়াতি: ইজি ফ্যাশনের স্বত্বাধিকারীসহ ১২ জন দুই দিনের রিমান্ডে

 

আদালতওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় ইজি ফ্যাশনের চেয়ারম্যান আসাদ চৌধুরীসহ ১২ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ জুন) দুপুরে নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম এই আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী শফিকুল ইসলাম লিখন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক তোফাজ্জল হোসেন রিমান্ডের আবেদন করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ জুন) অভিযুক্তরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম লিখন সাংবাদিকদের জানান, ‘নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের বাসিন্দাদের স্থাবর সম্পত্তির নথিপত্র জাল করে হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে দেশের পোশাক ব্র্যান্ড ইজি ফ্যাশনের স্বত্বাধিকারী আসাদ চৌধুরী, ইসহাক চৌধুরী ও তৌহিদ চৌধুরীর বিরুদ্ধে। তারা তিনজন সহোদর। এ ঘটনায় ডাঙ্গা ইউপি সদস্য জালাল উদ্দিন পলাশ থানায় মামলা দায়ের কলেন।’

মামলায় উল্লেখ করা হয়, পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখিয়ে তার স্বাক্ষর নকল করে জমি কেনাবেচার নথিপত্র তৈরি করা হয়। প্রায় প্রতিটি ক্ষেত্রেই ওয়ারিশি সনদ জালিয়াতির ঘটনা ঘটেছে। একপক্ষকে বিক্রেতা দেখিয়ে রেজিস্ট্রিও সম্পন্ন করা হয়। আর সবরকম প্রক্রিয়া শেষ করে সংশ্লিষ্ট জমিতে সাইনবোর্ড টানিয়ে ঘোষণা দেওয়া হয় ক্রয়সূত্রে এই জমির মালিক ইজি ফ্যাশনের চেয়ারম্যান আসাদ চৌধুরীসহ তিন ভাইয়ের নাম। শেষ চার দলিলেই হাতানো হয়েছে চার বিঘা জমি। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।’

মামলার তদন্তকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করেছি। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’