গাজীপুর জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে— ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের হুমকি ও ভয়-ভীতি দেখানো হচ্ছে। পোলিং এজেন্টদের কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে। গতকাল (রবিবার) রাতেও ডিবি পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়েছে।
এদিকে, বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার সকাল থেকে বাসায় বসে নেতা-কর্মী ও পোলিং এজেন্টদের আশ্বাস দিচ্ছেন এবং খোঁজ খবর নিচ্ছেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম সকাল থেকেই পোলিং এজেন্টদের খোঁজ খবর নিতে ব্যস্ত সময় পার করছেন।
সোমবার (২৫ জুন) সরেজমিনে টঙ্গীর কলেজ রোড এলাকায় হাসান উদ্দিন সরকারের বাসভবনে দেখা গেছে— তিনি বাসার ভেতরে আছেন। এসময় তার সঙ্গে কয়েকজন নেতাকর্মী ছিলেন। তবে বাসার বাইরে ধানের শীষ প্রতীকের কোনও সমর্থককে দেখা যায়নি।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ছয়দানা এলাকার বাস ভবনের ভেতরে নেতা-কর্মীদের দেখা গেছে। তারাও নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য পোলিং এজেন্টদের খোঁজ খবর নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মো. রিয়াজ মাহমুদ আয়নাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী কাল (মঙ্গলবার) গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল থেকে নির্বাচনমুখী সব দাফতরিক কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। পোলিং এজেন্টের খোঁজ খবর নিচ্ছেন।’
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পোলিং এজেন্টদের নানা ভয়-ভীতি দেখানো হচ্ছে। তাদেরকে ভোট কেন্দ্রে না যেতে হুমকিও দেওয়া হচ্ছে। আমরা নির্বাচন নিয়ে ভীতিতে আছি। এছাড়া, আমাদের প্রার্থী হাসান উদ্দিন সরকার বাসায় বসে এজেন্টদের খোঁজ খবর রাখছেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের নেতাকর্মীদের হুমকি প্রতিহত করতে তিনি (হাসান সরকার) তাদের আশ্বস্ত করছেন।’