নারায়ণগঞ্জের বন্দরে স্বামীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার সাবদী এলাকায় এ ঘটনা ঘটলেও সোমবার দুপুরে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
মামলা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বন্দর উপজেলার ইস্পাহানি এলাকার বাসিন্দা ব্যাটারিচালিত অটোরিকশা চালক তার স্ত্রীকে নিয়ে সাবদী (ফুলবাগান) এলাকায় বেড়াতে যান। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার সাবদী সেতু পার হওয়ার সময় ব্যাটারিচালিত আরেকটি অটোরিকশায় আসা পাঁচ যুবক তাদের গতিরোধ করে। পরে তাদের দুজনকে তুলে সেলসারদি বিলের বাগানবাড়িতে নিয়ে যায়। সেখানে স্বামীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই গৃহবধূকে পাঁচজন মিলে ধর্ষণ করে। একপর্যায়ে রাত ১২টার দিকে ওই গৃহবধূর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং ধর্ষক তুহিনকে আটক করে পুলিশে দেয়। পালিয়ে যাওয়া ধর্ষকরা হলো উপজেলার সেলসারদি ও সাবদী এলাকার অটোচালক আমজাদ, কাদির, বাপ্পি ও রায়হান।
ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডল জানান, এই ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ধর্ষণের ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।