ভিড় বাড়ছে জাহাঙ্গীর আলমের বাড়িতে

জাহাঙ্গীর আলমের বাড়ির পেছনে তার প্রধান নির্বাচনি কার্যালয়ে নেতা-কর্মী-সমর্থকদের ভিড়

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের ৪২৫ কেন্দ্রের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। ভোটের ফল জানতে অপেক্ষায় আছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। দলীয় নেতাকর্মী-সমর্থকদেরও ভিড় বাড়তে শুরু করেছে তার বাড়ির পেছনে প্রধান নির্বাচনি কার্যালয়ে।

মঙ্গলবার (২৬ জুন) ভোটগ্রহণ শেষে তিনি বলেন, ‘গাজীপুরের সম্মানিত ভোটারদের প্রতি আমার আস্থা আছে, তারা সবাই আমাকে ভোট দিয়ে নৌকা প্রতীককে জয়যুক্ত করবেন।’ তিনি বলেন, 'আমি জনপ্রতিনিধি হিসেবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছি। আমি বিশ্বাস করি লাখ লাখ ভোটার আমাকে ভোট দিয়ে জয়ী করে তাদের সেবক হিসেব কাজ করতে সুযোগ দেবেন। এরপরও জনগণের ভোটে জয়-পরাজয় যাই আসুক, আমি জনগণের রায় মেনে নিতে প্রস্তুত।'

গাজীপুরের উন্নয়নের লক্ষ্যে সব শ্রেণিপেশার ভোটারদের ওপর আস্থা রাখার ঘোষণা দিয়ে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেন জাহাঙ্গীর আলম। তবে নির্বাচনে জয়-পরাজয় যেটি হোক, তার জন্য অনেকটা প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গরবার (২৬ জুন) সকাল ৮টা ২০ মিনিটে ছয়দানা এলাকার নিজ বাসভবন থেকে বের হয়ে জয়দেবপুরের ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দিতে যান। সেখানে ভোট দেওয়ার পর গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে বিকাল সাড়ে ৪টার দিকে তিনি আবার ছয়দানা বাসভবনে ফিরে আসেন।

মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের বাসভবনে চলছে নৌকা প্রতীকের মিডিয়া সেলের তোড়জোড়। তারা সবাই অনেকটা ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন কেন্দ্রের নির্বাচনি ফল জানতে। মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা নৌকা প্রতীকের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তারা।

ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রের ভোগ গণনা শেষ হলে ফল আসতে শুরু করেছে। আর এই ফল সংগ্রহ করতে কাজ করছে নৌকা প্রতীকের নির্বাচনি মিডিয়া সেল।

এদিকে সারা দিন কেন্দ্র পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পর ক্লান্ত শরীর নিয়ে বাসভবনে ফিরে আসেন জাহাঙ্গীর আলম। বাসভবনে প্রবেশের পর নেতাকর্মীরা তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। এ সময় তারা জাহাঙ্গীর আলমের সঙ্গে স্মার্টফোনে সেলফি তোলেন।